EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তার রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম

মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তার রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস

ছবি: সংগৃহীত

অ অ

গাইবান্ধার হরিদাস চন্দ্র তরনীদাসের বিরুদ্ধে দেশি-বিদেশি মুদ্রা পাচার ও সংঘবদ্ধ অপরাধের অভিযোগে মানিলন্ডারিং মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সিআইডি জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে দেশি-বিদেশি মুদ্রা পাচার ও সংঘবদ্ধ অপরাধের অভিযোগের প্রমাণ পাওয়ায় উত্তরা পশ্চিম থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

সংস্থাটির ভাষ্য, হরিদাস চন্দ্র তরনীদাসের বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে প্রায় ৯ কোটি ৩৫ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সিআইডি জানায়, গত ১২ জুলাই গাইবান্ধার পলাশবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হরিদাস চন্দ্র তরনীদাস ২০১৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে তৌহিদ ইসলাম নাম ধারণ করেন। সংস্থাটির দাবি, এর আগে তিনি ভারতে গিয়ে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি তিনি গাইবান্ধার পলাশবাড়ীতে ফিরে একটি মন্দির কমিটির সঙ্গে যুক্ত হন। সেখানে একটি উঁচু রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিলে বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় আসে। পরে স্থানীয় ইমাম-ওলামাদের আন্দোলনের মুখে প্রকল্পটি স্থগিত করা হয়।

গত শুক্রবার জুমার নামাজের পর পলাশবাড়ীতে স্থানীয় মুসল্লিরা ওই মূর্তি অপসারণের দাবিতে মানববন্ধন করেন বলেও স্থানীয় সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

সিআইডির দাবি, বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও হরিদাস চন্দ্র তরনীদাসের বিভিন্ন ব্যাংক ও এমএফএস হিসাবে ৯ দশমিক ৩৫ কোটি টাকা জমা হয়েছে এবং প্রায় একই পরিমাণ অর্থ উত্তোলন করা হয়েছে, যা সন্দেহজনক বলে মনে করছে সংস্থাটি।

এদিকে, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ২০২২ সালের ৮ নভেম্বরের এক প্রতিবেদনে বলা হয়, এর আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র‍্যাবের একটি দল মানিলন্ডারিং এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার পরিচয়ে প্রতারণার অভিযোগে হরিদাস চন্দ্র তরনীদাস ওরফে তৌহিদ ইসলাম এবং ইমরান মেহেদী হাসান নামে দুজনকে গ্রেপ্তার করেছিল।

আরও পড়ুন