EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

স্বাস্থ্যমন্ত্রী

অপ্রয়োজনীয় সিজারিয়ান নিরুৎসাহিত করতে নীতি নিচ্ছে সরকার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৬:০০ পিএম

অপ্রয়োজনীয় সিজারিয়ান নিরুৎসাহিত করতে নীতি নিচ্ছে সরকার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

অ অ

অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসব নিরুৎসাহিত করতে সরকার প্রয়োজনীয় নীতি গ্রহণ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে চিকিৎসাসেবার মানোন্নয়নে একাধিক নতুন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্প্ল্যাশ’ প্রকল্পের উদ্বোধনী সেমিনারে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর পর্যাপ্ত মজুত রেখে যায়নি। ফলে বর্তমানে কিছু পণ্যের সংকট তৈরি হয়েছে। তবে দ্রুত সব ধরনের পরিবার পরিকল্পনা সামগ্রীর সরবরাহ নিশ্চিত করা হবে।

তিনি জানান, অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসব কমাতে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা আরও আধুনিক করা হচ্ছে। এ লক্ষ্যে চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দালালচক্রের হাত থেকে গর্ভবতী মায়েদের রক্ষা এবং হাসপাতালের বাইরে নিরাপদ স্বাভাবিক প্রসব বাড়াতে দ্রুত মিডওয়াইফ ও কেয়ারগিভার নিয়োগ দেওয়া হবে। এতে নবজাতকের জন্মের পর শালদুধ নিশ্চিত করাও সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ ছাড়া নারীদের স্বাস্থ্যসেবা জোরদারে আগামী ৩০ থেকে ৬০ দিনের মধ্যে মাঠপর্যায়ে স্তন ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম চালুর পরিকল্পনার কথা জানান মন্ত্রী। পাশাপাশি কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজ করতে উপজেলা পর্যায় পর্যন্ত ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালুর চূড়ান্ত রূপরেখাও তুলে ধরেন তিনি।

আরও পড়ুন