শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:০২ পিএম
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীর উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। এই সংকট কাটাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে শিগগিরই এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের অনুমোদিত পদ ৪১ হাজার ৮০৬টি। এর মধ্যে বর্তমানে ৯ হাজার ৪০৭টি পদ শূন্য রয়েছে।
নার্সদের ক্ষেত্রে অনুমোদিত ৪৯ হাজার ৮৭৯টি পদের বিপরীতে কর্মরত আছেন ৪৫ হাজার ৩০২ জন। ফলে ৪ হাজার ৫৭৭টি নার্সের পদ খালি রয়েছে।
তিনি জানান, সবচেয়ে বেশি সংকট মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের মধ্যে। এ খাতে ৬৫ হাজার ২৩০টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ৪৬ হাজার ২৮৩ জন। ফলে ১৮ হাজার ৯৪৭টি পদ শূন্য রয়েছে।
মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) পদের ২৩ হাজার ৫০০টির মধ্যে কর্মরত আছেন ১৫ হাজার ২০৭ জন। ফলে ৮ হাজার ২৯৩টি পদ খালি রয়েছে।
এ ছাড়া পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) পদের ৬ হাজার ৩৬১টির মধ্যে ৩ হাজার ১৬১টি পদ শূন্য রয়েছে।
কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদের ১৪ হাজার ৪৬০টির মধ্যে ৫৪০টি পদ এবং স্বাস্থ্য সহকারী (এইচএ) পদের ২০ হাজার ৯০৯টির মধ্যে ৬ হাজার ৯৫৩টি পদ বর্তমানে খালি রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, শূন্য পদ পূরণে সরকারের নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। চিকিৎসক সংকট নিরসনে ৪৫তম বিসিএসের মাধ্যমে ৪৫০ জন, ৪৬তম বিসিএসে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলছে।
এ ছাড়া সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) মাধ্যমে কার্যক্রম এগিয়ে যাচ্ছে। দশম গ্রেডের মিডওয়াইফ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল ইতোমধ্যে প্রকাশ হয়েছে। বর্তমানে নির্বাচিতদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন চলছে। এসব প্রক্রিয়া শেষ হলে দ্রুত তাদের পদায়ন করা হবে।
সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দ্রুত এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে শূন্য পদগুলোতেও দ্রুত জনবল নিয়োগ সম্পন্ন করা হবে বলে তিনি আশ্বাস দেন।