যাত্রী সাধারণের কাছে রেলওয়ের দুঃখ প্রকাশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:২৫ পিএম
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হওয়া চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ষোলোশহর-জানআলীহাট সেকশন দ্রুত সংস্কারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে যাত্রী সাধারণের সাময়িক বিঘ্ন ঘটায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।
রবিবার (১২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুঃখ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সৃষ্ট বন্যার পানিতে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যবর্তী জানআলীহাট ও ষোলোশহর স্টেশন সংলগ্ন রেললাইন ডুবে যায়। এতে ওই সেকশনে ট্রেন চলাচল সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছিল। তবে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ামাত্রই বাংলাদেশ রেলওয়ে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শুরু করে। দ্রুততম সময়ের মধ্যে লাইনটি পুনরায় ট্রেন চলাচলের উপযোগী করে তোলা হয়।
লাইন সচল হওয়ার পর আজ রবিবার দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আজ থেকে ঢাকা-কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার, কক্সবাজার-চট্টগ্রাম এবং কক্সবাজার-ঢাকা রুটের অন্য সবকটি ট্রেনও পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত চলাচল করবে।
আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত এই প্রাকৃতিক দুর্যোগের কারণে যাত্রীদের যাতায়াতে যে সাময়িক ভোগান্তি ও বিঘ্ন সৃষ্টি হয়েছে, তার জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে সম্মানিত যাত্রীসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।