EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ময়মনসিংহে ৪২টি উন্নয়ন প্রকল্পে ৮৫ লাখ টাকার চেক বিতরণ

ডেইলি সান রিপোর্ট, ময়মনসিংহ

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:১৫ পিএম

ময়মনসিংহে ৪২টি উন্নয়ন প্রকল্পে ৮৫ লাখ টাকার চেক বিতরণ

ছবি: সংগৃহীত

অ অ

ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে ৪২টি উন্নয়ন প্রকল্পের জন্য মোট ৮৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) সকালে ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিদের হাতে উন্নয়ন প্রকল্পের চেক তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা। এ সময় বক্তব্য দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, সহকারী প্রকৌশলী আব্দুস সালাম এবং চেক গ্রহণকারী প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাতেই টেকসই উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে টেকসই উন্নয়নের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা ধরে রাখতে এবং উন্নয়নের ধারা আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ”—প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের এই নীতিকে ধারণ করেই ময়মনসিংহ জেলা পরিষদ নতুন উদ্যমে উন্নয়নের অভিযাত্রা শুরু করেছে। জনগণের প্রত্যাশা পূরণ এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে জেলা পরিষদকে একটি জনবান্ধব, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করার জন্য কাজ করা হচ্ছে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি প্রকল্প বাস্তবায়ন কমিটির কর্মকর্তাদের করণীয় ও বর্জনীয় বিষয়ে দিকনির্দেশনা দেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন