EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলো ইউএনও

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:০১ পিএম

খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলো ইউএনও

ছবি: সংগৃহীত

অ অ

ফরিদপুরের সালথা উপজেলার তিনটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষ করে উদ্বৃত্ত ৭৩ লাখ ৩৬ হাজার ৩৬৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন।

জানা গেছে, আটঘর, রামকান্তপুর ও সোনাপুর ইউনিয়নের ৪ দশমিক ৫৩৫ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন প্রকল্পে মোট বরাদ্দ ছিল ১ কোটি ৬৭ লাখ ৪৯ হাজার ৪০৯ টাকা। প্রায় তিন মাসের কাজ শেষে শ্রমিকের মজুরি ও অন্যান্য ব্যয় পরিশোধ করে অব্যয়িত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, প্রকল্পটির উদ্বোধন করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে কাজের অগ্রগতি ও মান পরিদর্শন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। পরিদর্শন শেষে তারা প্রকল্পের কাজের মানের প্রশংসা করেন।

খাল খনন প্রকল্পের সদস্য শাহিন বলেন, ইউএনও নিয়মিত প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন এবং কাজের প্রতিটি ধাপ তদারকি করেছেন। শ্রমিকদের মজুরিসহ সব বিল স্বচ্ছতার সঙ্গে পরিশোধ করা হয়েছে।

প্রকল্পের আরেক সদস্য মোশাররফ হোসেন বলেন, অন্যান্য উপজেলার তুলনায় সালথায় ভালো মানের কাজ হয়েছে। ইউএনওর উদ্যোগে উপজেলার উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে।

এ বিষয়ে ইউএনও মো. দবির উদ্দিন বলেন, উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করাই তাদের অঙ্গীকার। তিনি বলেন, ‘সরকারি অর্থ জনগণের সম্পদ। প্রয়োজনীয় ব্যয় শেষে উদ্বৃত্ত অর্থ কোষাগারে ফেরত দেওয়াই দায়িত্বশীল প্রশাসনের অংশ।’

আরও পড়ুন