বৃষ্টিতে জলাবদ্ধতা, সতর্ক করল ট্রাফিক পুলিশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:০৪ পিএম
ছবি: কামরুল ইসলাম রতন।
টানা বর্ষণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বনানী, খিলক্ষেত, ঢাকা গেটসহ বিভিন্ন নিচু এলাকায় পানি জমে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে নগরবাসীকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ।
রোববার (১২ জুলাই) ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের ফেসবুক পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়।
পোস্টে বলা হয়, বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এ অবস্থায় মোটরযান চালক ও পথচারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে গাড়ি চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলা এবং যানজট নিরসনে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্রাফিক সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। নগরবাসীর সহযোগিতায় দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছে সংস্থাটি।