টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, ক্ষতির শঙ্কা
ডেইলি সান রিপোর্ট, বেনাপোল
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০১:৩০ এএম
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে যশোরের বেনাপোল স্থলবন্দরে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। বন্দরের একাধিক শেডে হাঁটুসমান পানি জমে আমদানি করা কোটি টাকার পণ্য ভিজে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে বন্দরের তিন নম্বর গেটসংলগ্ন পাঁচটি শেড পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতা দূর করতে বন্দর কর্তৃপক্ষ পাওয়ার পাম্প দিয়ে পানি সরানোর কাজ করছে। তবে বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে সামান্য বৃষ্টিতেই শেড ও ইয়ার্ডে পানি জমে যায়। বারবার অভিযোগ জানানো হলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন বলেন, অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে শতাধিক আমদানিকারক বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। অধিকাংশ পণ্যের বীমা না থাকায় ক্ষতিপূরণ পাওয়ার সুযোগও নেই।
ব্যবসায়ী মতিয়ার রহমান বলেন, পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় কয়েকটি পণ্যাগারে পানি ঢুকে লাখ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। প্রতিবছর বন্দরের ভাড়া বাড়লেও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক আনু বলেন, বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়কারী এই বন্দরে জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। কিন্তু স্থায়ী সমাধানে এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এদিকে বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক কাজি রতন বলেন, বৃষ্টির কারণে কয়েকটি শেডে পানি ঢুকে পণ্য ভিজেছে। পাওয়ার পাম্পের মাধ্যমে পানি অপসারণের কাজ চলছে। বৃষ্টি থামলে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।