পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, পেলেন শিশুদের আঁকা ছবি উপহার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:০৮ পিএম
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে বৃহস্পতিবার শুরু হয় জাতীয় পরিবেশ মেলা। মেলার উদ্বোধনী দিনে এক অন্যরকম আবহের সৃষ্টি হয়। সপ্তাহব্যাপী এই মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখে গভীর মুগ্ধতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মেলায় অংশ নেওয়া তরুণ পরিবেশবাদীদের চমৎকার সব উদ্ভাবন ও নার্সারির নান্দনিক সাজসজ্জা যেমন সরকারপ্রধানের প্রশংসা কুড়িয়েছে, তেমনি মেলা প্রাঙ্গণে শিশুদের আঁকা একটি পরিবেশবিষয়ক চিত্রকর্ম উপহার পেয়ে প্রধানমন্ত্রী আনন্দের সঙ্গে তা গ্রহণ করেন। তার এই আন্তরিক উপস্থিতি ও উৎসাহ মেলায় অংশ নেওয়া তরুণ স্বেচ্ছাসেবক এবং বৃক্ষপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনার জোয়ার সৃষ্টি করেছে।
সিএজেএফ-এর স্টলে প্রধানমন্ত্রী ও শিশুদের উপহার
মেলার উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণেই একটি বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি মেলা প্রাঙ্গণের মঞ্চের কাছে পরিবেশবাদী সংগঠন ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন (সিএজেএফ)-এর স্টল পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রী স্টলে প্রদর্শিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, জলবায়ু সহনশীল আদর্শ গ্রাম নির্মাণের পরিকল্পনা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সংগঠনটির বহুমুখী উদ্যোগের কথা মন দিয়ে শোনেন। এ সময় তিনি সংগঠনটির জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, তরুণদের নেতৃত্ব বিকাশ, প্লাস্টিক দূষণ রোধ, পরিচ্ছন্নতা কার্যক্রম, শিশু-কিশোরদের পরিবেশ শিক্ষা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে পরিচালিত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত অবহিত হন। এসব কার্যক্রমে গভীর সন্তোষ প্রকাশ করে তরুণদের প্রশংসা করেন তিনি। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীকে শিশুদের আঁকা পরিবেশবিষয়ক একটি চিত্রকর্ম উপহার দেওয়া হলে তিনি হাসিমুখে সেটি গ্রহণ ও প্রশংসা করেন।
প্রধানমন্ত্রীর এই পরিদর্শন প্রসঙ্গে সিএজেএফ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুজ্জামান মামুন বলেন, প্রধানমন্ত্রী আমাদের স্টল পরিদর্শন করে কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিয়েছেন এবং উৎসাহব্যঞ্জক মন্তব্য করেছেন। দেশের সরকারপ্রধানের এই স্বীকৃতি ও অনুপ্রেরণা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। খোদ প্রধানমন্ত্রী যখন আমাদের স্টলে এসে অনুপ্রেরণা দেন তখন পরিবেশ নিয়ে কাজ করার আগ্রহ আরও অনেক বেড়ে যায়। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।
তিনি আরও বলেন, এই উৎসাহ সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক এবং তরুণ কর্মীদের জন্য ভবিষ্যতেও জলবায়ু ন্যায়বিচার ও পরিবেশ সংরক্ষণে কাজ করার বড় প্রেরণা হিসেবে কাজ করবে।
কাগজের কলম দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী
মেলা প্রাঙ্গণে পরিবেশবাদী সংগঠন ‘মিশন গ্রীন বাংলাদেশ’-এর স্টলে গিয়ে চমকে যান প্রধানমন্ত্রী। সেখানে তরুণদের তৈরি পরিবেশবান্ধব ‘কাগজের কলম’ (পেপার পেন রেভোলিউশন) দেখে তিনি অত্যন্ত খুশি হন।
‘বাহ! আপনি তো দারুণ সাজিয়েছেন’
পরিবেশবাদী সংগঠনগুলোর স্টল দেখার আগে প্রধানমন্ত্রী ঢোকেন ফুলে-ফলে সুসজ্জিত বিভিন্ন নার্সারির স্টলে। একটি নার্সারির চমৎকার সাজসজ্জা দেখে মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘বাহ! আপনি তো দারুণ সাজিয়েছেন।’
তিনি কেবল প্রশংসাই করেননি, বরং নার্সারির ভেতরের খোঁজ নিতে জিজ্ঞেস করেন, গাছগুলো কি শুধুই মেলা উপলক্ষ্যে এভাবে সাজিয়ে রাখা হয়েছে, নাকি বাস্তবেও এমন? জবাবে নার্সারির প্রতিনিধিরা জানান, সাভারের আশুলিয়াতে তাদের মূল নার্সারিটিও ঠিক একইভাবে সাজানো-গোছানো। একথা শুনে তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।