সায়েদাবাদ হবে শুধু সিটি বাস টার্মিনাল, অবৈধ কাউন্টার সরাতে আলটিমেটাম
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৬:২৬ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালকে শুধু সিটি বাস টার্মিনাল হিসেবে পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। এ লক্ষ্যে টার্মিনালের বাইরে থাকা সব অবৈধ বাস কাউন্টার আগামী ১৫ জুলাইয়ের মধ্যে অপসারণ করে নির্ধারিত স্থানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আন্তজেলা বাস কাঁচপুরে এবং গুলিস্তান বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও সেখানে পরিচালিত উচ্ছেদ অভিযান তদারকি শেষে এসব কথা বলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
পরিদর্শনকালে তিনি টার্মিনালের যাত্রীসেবা, পরিচ্ছন্নতা, যানবাহন চলাচল, অবৈধ দখল এবং সামগ্রিক শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের টার্মিনালকে অবৈধ দখলমুক্ত, যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেন।
মো. আবদুস সালাম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সায়েদাবাদ বাস টার্মিনালের বাইরে পরিচালিত সব বাস কাউন্টার টার্মিনালের ভেতরে স্থানান্তর করতে হবে। পরিবহন মালিক ও শ্রমিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৫ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাউন্টার স্থানান্তর না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি ইঙ্গিত দেন।
তিনি আরও বলেন, সায়েদাবাদকে ভবিষ্যতে শুধু সিটি বাস টার্মিনাল হিসেবে পরিচালনা করা হবে। রাজধানীর যানজট ও পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে আন্তজেলা বাস কাঁচপুরে স্থানান্তর করা হবে। একই সঙ্গে গুলিস্তান বাস টার্মিনালও কেরানীগঞ্জে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে রাজধানীর পরিবহন ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ডিএসসিসি প্রশাসক জানান, টার্মিনালে যানবাহনের প্রবেশ ও প্রস্থান আরও সুশৃঙ্খল করতে দুটি প্রবেশপথ ও দুটি প্রস্থানপথে মোট চারটি নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হবে। এর মাধ্যমে যানবাহনের চলাচল ও ব্যবস্থাপনা আরও কার্যকর করা সম্ভব হবে।
এদিকে একই দিন দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের মানিকনগর বিশ্বরোড থেকে মানিকনগর পুকুরপাড় পর্যন্ত ৮৮০ মিটার দীর্ঘ প্রধান সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কের কারণে স্থানীয় বাসিন্দারা নানা ভোগান্তিতে ছিলেন। সড়কটির উন্নয়ন শেষ হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নতি হবে এবং নাগরিক দুর্ভোগ কমবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই অবহেলিত ও জনদুর্ভোগপূর্ণ সড়কগুলোর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মানিকনগরের ৮৮০ মিটার দীর্ঘ এই সড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে। গুণগত মান নিশ্চিত করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করে সড়কটি নগরবাসীর জন্য উন্মুক্ত করা হবে।
তিনি বলেন, পরিকল্পিত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে রাজধানীর সড়ক যোগাযোগব্যবস্থা আরও আধুনিক ও কার্যকর করা, যানজট কমানো এবং নগরবাসীর জীবনমান উন্নয়নই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান লক্ষ্য।