চট্টগ্রাম-২
সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল, শপথে বাধা নেই
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:০৮ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে তার আর কোনো আইনি বাধা নেই।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এর আগে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানি শেষে আদালত রায়ের জন্য দিন নির্ধারণ করেছিলেন।
মামলার নথি অনুযায়ী, ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করেছিল। পরে তিনি হাইকোর্টে রিট করলে আদালত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেন।
পরবর্তীতে জামায়াত-সমর্থিত প্রার্থী নুরুল আমিন হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করেন। আপিল বিভাগ সারোয়ার আলমগীরকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম-২ আসনের ফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারোয়ার আলমগীর বিজয়ী হন। তবে আদালতের নির্দেশনার কারণে এতদিন ওই আসনের চূড়ান্ত ফলাফল ও গেজেট প্রকাশ করা হয়নি।