EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

স্টিল স্ট্রাকচারের গুণগত মান পরিদর্শনে চীনে রাজস্ব কর্মকর্তা, পিএ, পিআরও!

রাশেদুল হাসান

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:২৭ পিএম

স্টিল স্ট্রাকচারের গুণগত মান পরিদর্শনে চীনে রাজস্ব কর্মকর্তা, পিএ, পিআরও!
অ অ

খালের ওপর সেতু নির্মাণ প্রকল্পের প্রি-ফেব্রিকেটেড স্টিল স্ট্রাকচারের গুণগত মান পরিদর্শনে চীন সফরে গেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাঁচ কর্মকর্তা।

তারা হলেন- ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হৃদয় মাহমুদ চয়ন, মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা (পিএ) মো. বিপুল মিয়া, ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. মতিউর রহমান এবং নির্বাহী প্রকৌশলী আবদুল মজিদ মোহাম্মদ নাঈম।

স্থানীয় সরকার বিভাগ তাদের পক্ষে সরকারি আদেশ জারি করেছে।

সফরে থাকা এক কর্মকর্তা জানান, বুধবার তারা চীনে পৌঁছেছেন এবং আগামী রবিবার তাদের দেশে ফেরার কথা রয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী এই সফরের যাবতীয় ব্যয় ঠিাকাদার বাংলাদেশ নৌবাহিনী বহন করবে।

প্রকল্প সূত্রে জানা গেছে, তিনটি সেতু হবে স্টিল আর্চ গার্ডার ব্রিজ, যার স্প্যান দৈর্ঘ্য আনুমানিক ৫০ মিটার এবং প্রস্থ ১৫ দশমিক ৪০ মিটার (দুটি গাড়ি চলাচলের অংশ বা রাস্তা ও দুটি হাঁটার পথ)। এ ছাড়া সেতুর ডেক বা চলাচলের রাস্তার ওপরের অংশ থেকে খিলানের (আর্চ) সর্বোচ্চ উচ্চতা হবে ১১ মিটার। এই সেতুগুলোর নির্মাণ সহযোগী হিসেবে কাজ করবে বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৯০ কোটি টাকা। 

এ বিষয়ে সরকারি ক্রয় বিশেষজ্ঞ ও কেন্দ্রীয় ক্রয় কারিগরি ইউনিটের  প্রতিষ্ঠাতা মহাপরিচালক একেএম ফজলুল করিম বলেন, ‘চুক্তিতে পরিদর্শনের যে টাকা ধরা থাকে, তা রাষ্ট্রেরই টাকা, ঠিকাদারের নয়। কিন্তু স্টিল স্ট্রাকচারের মান যাচাইয়ে রাজস্ব কর্মকর্তা বা পিএ কেন যাবেন? তারা এর কী বোঝেন! এগুলো খামখেয়ালি ছাড়া আর কিছু নয়। ভালো খাওয়া ও ঘোরা হবে আর কি। পরিদর্শনের এই আইনি বিধি সংশোধন করে এমন সফর বন্ধ করা উচিত।’

নগর পরিকল্পনাবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক সভাপতি ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যেখানে নিজের হাতে চট্টগ্রামের মেয়রের আমেরিকা সফর বাতিল করেছেন, সেখানে রাজস্ব কর্মকর্তা, পিএ ও পিআরও এর এ সফর অগ্রহণযোগ্য। এই সফর প্রস্তাবকারী ও অনুমোদনকারী তাদের উভয়কেই জবাবদিহির আওতায় আনা উচিত।’

আরও পড়ুন