EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে কলেজ শিক্ষিকা স্ত্রীর বিরুদ্ধে স্বামীর প্রতারণার অভিযোগ

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:১২ পিএম

ঠাকুরগাঁওয়ে কলেজ শিক্ষিকা স্ত্রীর বিরুদ্ধে স্বামীর প্রতারণার অভিযোগ
অ অ

ঠাকুরগাঁওয়ে এক কলেজ শিক্ষিকার বিরুদ্ধে একাধিক বিয়ের তথ্য গোপন ও প্রতারণার মাধ্যমে সম্পদ আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তার স্বামী সাবেক নৌবাহিনী সদস্য হুমায়ুন কবির।

বুধবার (৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী হুমায়ুন কবির। অভিযুক্ত নারগিস খাতুন পুরাতন ঠাকুরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষিকা।

সম্মেলনে হুমায়ুন কবির দাবি করেন, ২০২১ সালের ১৬ ডিসেম্বর নারগিস খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় কাবিননামায় নারগিস তার পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করেন। বিয়ের পর বিভিন্ন কৌশলে তিনি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ বিপুল পরিমাণ সম্পদ হাতিয়ে নেন। 

পরিকল্পিতভাবে প্রতারণার পর সম্প্রতি তাকে একতরফা তালাক দেওয়া হয়েছে বলে জানান হুমায়ুন। এর ফলে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী স্বামী জানান, বিয়ের নামে নারগিস যেন আর কোনো নিরীহ পুরুষের সঙ্গে প্রতারণা করতে না পারেন, সেজন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষিকা নারগিস খাতুনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। 

সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন