টানা বৃষ্টিতে সাজেকে আটকা ৬০০ পর্যটক, বন্ধ যান চলাচল
ডেইলি সান রিপোর্ট, রাঙ্গামাটি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:৪০ পিএম
টানা বৃষ্টিতে মাচালং সড়কে পানি ওঠায় সাজেকে আটকা পড়েছেন প্রায় ৬০০ পর্যটক, বন্ধ রয়েছে যান চলাচল। ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে সাজেকে আটকা ৬০০ পর্যটক। প্রবল বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকগামী মাচালং সড়কে পানি ওঠায় বন্ধ যান চলাচল। ফলে বুধবার (৮ জুলাই) সকাল থেকে পর্যটকেরা বিভিন্ন রিসোর্ট ও কটেজে অবস্থান করছেন।
সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা বুধবার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, টানা বৃষ্টিতে সাজেকে মাচালং সড়কে পানি ওঠায় যান চলাচল বন্ধ রয়েছে। বিকেলের মধ্যে সড়ক থেকে পানি সরে গেলে সাজেকে আটকা ৬০০ পর্যটককে খাগড়াছড়ি সদরে পাঠানোর ব্যবস্থা করা হবে।
রাহুল চাকমা আরও জানান, আটকে পড়া পর্যটকদের কাছ থেকে আপাতত কোনো অতিরিক্ত রুম ভাড়া নেওয়া হচ্ছে না।
এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য সাজেকের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসন। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, টানা ভারী বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় পাহাড়ধস ও ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি কয়েকটি স্থানে সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের প্রবেশ ও ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
জেলা প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন ছাড়া সাজেক ভ্রমণ থেকে বিরত থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
