রাঙামাটিতে পাহাড়ধসে একজনের মৃত্যু
ডেইলি সান রিপোর্ট, রাঙ্গামাটি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় টানা বৃষ্টিতে পাহাড়ধসে লক্ষ্মী বিলাশ চাকমা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই বিমলেন্দু চাকমা জানান, টানা দুই দিনের বৃষ্টিতে সকাল ৮টার দিকে বসতঘরের পাশের পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। পরে লক্ষ্মী বিলাশ চাকমা ধসে পড়া মাটি সরাতে গেলে আবারও ওপর থেকে গাছের গুঁড়িসহ মাটি তার ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা গাছ ও মাটি সরিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
ঘটনার পর বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এদিকে টানা বৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।