EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দেশে চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে জোর স্বাস্থ্যমন্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:৪৯ এএম

দেশে চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে জোর স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

অ অ

দেশে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন বাড়াতে দেশীয় গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, স্থানীয়ভাবে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন বাড়লে রোগী ও দেশের অর্থনীতি উভয়ই উপকৃত হবে।

রবিবার (৫ জুলাই) স্বল্প ও নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোর স্বাস্থ্যসেবায় উপযোগী প্রযুক্তি বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে উদ্ভাবিত চিকিৎসা প্রযুক্তির আন্তর্জাতিক সম্ভাবনা রয়েছে। সরকার দেশীয় গবেষণা ও উদ্ভাবনে সর্বাত্মক সহযোগিতা করবে। এ জন্য বিজ্ঞানী ও উদ্ভাবকদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পরও দেশের অধিকাংশ চিকিৎসা সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করতে হয়। কাঁচি থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসা ও প্যাথলজি যন্ত্রপাতির জন্য বিদেশের ওপর নির্ভরশীলতা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক নয়।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের বিজ্ঞানী ও উদ্ভাবকদের সক্ষমতার কোনো ঘাটতি নেই। তবে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার অভাবে অনেক উদ্ভাবন বাস্তবায়নের সুযোগ পায় না।

তিনি জানান, বাংলাদেশে উদ্ভাবিত ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ জুতা বিদেশেও আগ্রহ সৃষ্টি করেছে, যা দেশীয় উদ্ভাবনের সম্ভাবনার প্রমাণ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সুস্থ জনগোষ্ঠী ছাড়া শক্তিশালী অর্থনীতি ও উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয়। তাই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য খাতের সক্ষমতা আরও জোরদার করতে হবে।

ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, ডেঙ্গুতে মৃত্যুর অন্যতম প্রধান কারণ প্লাজমা লিকেজ। এ বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ জরুরি। সীমিত জনবল নিয়েও চিকিৎসকেরা নিষ্ঠার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন।

এ সময় করোনা মহামারির সময় স্বল্প ব্যয়ে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নবজাতকের জীবনরক্ষার একটি উদাহরণও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন