তথ্য বিকৃত হলে সমাজে বিভ্রান্তি-সংঘাত সৃষ্টি হয়: তথ্যমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৪:৩১ এএম
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম যত বেশি দায়িত্বশীল ও নির্ভুলভাবে সংবাদ প্রকাশ করবে, জনগণ রাষ্ট্র পরিচালনা সম্পর্কে তত বেশি সঠিক ধারণা পাবে। কিন্তু তথ্য বিকৃত হলে সমাজে বিভ্রান্তি, সংঘাত ও নৈরাজ্যের সৃষ্টি হতে পারে।
শুক্রবার (৩ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) বার্ষিক সাধারণ সভা-২০২৬ ও রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশের সচেতন মানুষ শুধু তথ্য জানতেই সাংবাদিকদের ওপর নির্ভর করেন না। বিচারপ্রক্রিয়া কতটা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত হচ্ছে, সে বিষয়েও গণমাধ্যমের প্রতিবেদনের ওপর আস্থা রাখেন। তাই বিচার বিভাগ–সংশ্লিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার ওপরই নির্ভর করে নাগরিকরা রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক মূল্যায়ন করতে পারেন। এর ভিত্তিতেই তারা সিদ্ধান্ত নেন রাষ্ট্র সঠিক পথে এগোচ্ছে কি না এবং চলমান প্রক্রিয়াকে সমর্থন করবেন নাকি পরিবর্তনের পক্ষে মত দেবেন।
জহির উদ্দিন স্বপন বলেন, আয়না নিখুঁত না হলে যেমন মানুষের বিকৃত প্রতিচ্ছবি দেখা যায়, তেমনি গণমাধ্যমও বস্তুনিষ্ঠ না হলে রাষ্ট্র ও সমাজের ভুল চিত্র জনগণের সামনে উঠে আসে। সত্য একটিই। কিন্তু বিকৃত তথ্য সমাজে বিভ্রান্তি তৈরি করে এবং সংঘাত ও নৈরাজ্যের জন্ম দিতে পারে।
তিনি আরও বলেন, বিচার বিভাগ রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। নাগরিকরা রাষ্ট্রের বিরুদ্ধেও ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হন। তাই বিচার বিভাগ–সংক্রান্ত সংবাদ প্রকাশে সাংবাদিকদের দায়িত্ব আরও বেশি।
এলআরএফের সভাপতি হাসান জাবেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহাম্মদ আলী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন।