EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পীরগঞ্জে ৮৪ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার, দখলমুক্ত করল প্রশাসন

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৭ পিএম

পীরগঞ্জে ৮৪ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার, দখলমুক্ত করল প্রশাসন

ছবি: সংগৃহীত

অ অ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে বেহাত হওয়া প্রায় ৮৪ একর গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। যৌথ অভিযানের মাধ্যমে উপজেলার থুমনিয়া বনবিটের আওতাধীন বাঁশগাড়া মৌজার সাগুনী শালবনের জমি দখলমুক্ত করে পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বাঁশগাড়া মৌজার সংরক্ষিত বনভূমিটি দীর্ঘদিন ধরে অবৈধ দখলের চেষ্টা চলছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা প্রশাসন ও বন বিভাগের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দখলমুক্ত করা জমি পুনরায় সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি সরকারি মালিকানা নিশ্চিত করতে একাধিক সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে, জমিটি সরকারি গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমি এবং এ জমি দখল বা অন্য কোনোভাবে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ।

অভিযানে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার, থুমনিয়া বনবিটের কর্মকর্তা মহসিন আলী, পীরগঞ্জ থানা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার বলেন, সরকারি বনভূমি দখল ও অবৈধ ব্যবহার প্রতিরোধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। বনভূমি সংরক্ষণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

থুমনিয়া বনবিটের কর্মকর্তা মহসিন আলী বলেন, সংরক্ষিত বনভূমি দেশের পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বনভূমি দখল বা ক্ষতিসাধনের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি জানান, প্রথম ধাপে বাঁশগাড়া মৌজার প্রায় ৮৪ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করে সরকারি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সরকারি বনভূমি রক্ষায় ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুন