ইউজিসি-ডুয়েট সমঝোতা: কর্মচারীদের জন্য নির্মিত হবে ১৪ তলা আবাসিক ভবন
ডেইলি সান রিপোর্ট, গাজীপুর
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৮:০৯ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সংকট নিরসনে ১৪ তলা আবাসিক ভবন নির্মাণের লক্ষ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউজিসি।
বৃহস্পতিবার আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা অনুযায়ী, ডুয়েটের কনসালটেন্সি রিসার্চ অ্যান্ড টেস্টিং সার্ভিসেস (সিআরটিএস) আগামী ছয় মাসের মধ্যে প্রকল্পের ধারণাপত্র, বিস্তারিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি), স্থাপত্য ও কাঠামোগত নকশা প্রণয়ন করবে।
অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা নিশ্চিত করা কমিশনের অন্যতম অগ্রাধিকার। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে ডুয়েটসহ সংশ্লিষ্ট সবাইকে দক্ষতা, আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে ভবনটিকে বসবাসের উপযোগী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তাই ধারণাপত্র, ডিপিপি, স্থাপত্য ও কাঠামোগত নকশা দ্রুত এবং নির্ভুলভাবে সম্পন্ন করতে হবে, যাতে নির্মাণকাজে কোনো ধরনের বিলম্ব না হয়।
ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, ইউজিসি যে আস্থা রেখে ডুয়েটকে এ প্রকল্পের দায়িত্ব দিয়েছে, বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেই দায়িত্ব পালন করবে। নির্ধারিত সময়ের মধ্যেই ডিপিপিসহ প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ডুয়েটে দক্ষ প্রকৌশলী ও স্থপতি রয়েছেন। দেশের উচ্চশিক্ষা খাতের নিয়ন্ত্রক সংস্থা ইউজিসিকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া বিশ্ববিদ্যালয়ের দায়িত্বের অংশ।
সভায় জানানো হয়, জি-টু-জি পদ্ধতিতে আগামী দুই বছরের মধ্যে ভবনটির নির্মাণকাজ শেষ করে বসবাসের উপযোগী করা হবে। ভবন নির্মাণে পরিবেশবান্ধব প্রযুক্তি, জ্বালানি-সাশ্রয়ী নকশা এবং আধুনিক স্থাপত্যশৈলী অনুসরণ করা হবে।
অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, জেনারেল সার্ভিসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহম্মদ জাহাঙ্গীরসহ ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডুয়েটের পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার, সিআরটিএসের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বায়েজীদ ইসমাইল চৌধুরী, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. খসরু মিয়া, অধ্যাপক ড. মো. কামাল হোসেন, পরিচালক (যানবাহন) অধ্যাপক ড. নাঈম মো. লুৎফুল হক, সহকারী অধ্যাপক জোয়ার্দ্দার হাফিজ উল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এ সময় তিনি ডুয়েটের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও অবকাঠামোগত উন্নয়নে ইউজিসির সহযোগিতা কামনা করেন। জবাবে ইউজিসি চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় কমিশনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।