ত্রিশালে ‘নজরুল সিটি’র সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:৪৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণার সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নজরুলবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশনার কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এ ভূখণ্ডে জন্ম না নিলেও তার হৃদয়জুড়ে ছিল বাংলাদেশ। এ দেশের মানুষও তাকে হৃদয়ে ধারণ করেছে। মাতৃভূমির প্রতি ভালোবাসা ও মুক্তির চেতনায় নজরুল আজও অনুপ্রেরণার উৎস।
তিনি বলেন, দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে নজরুলের সৃষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছেও তার সাহিত্য, সংগীত ও দর্শন সমানভাবে প্রাসঙ্গিক।
নজরুলবর্ষ উপলক্ষে বছরজুড়ে জেলা, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি আয়োজনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাতীয় কবির সৃষ্টিকে দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে আরও ব্যাপকভাবে তুলে ধরতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, অপশক্তি বিভেদ সৃষ্টির চেষ্টা করলেও ঐক্যবদ্ধ থাকাই বাঙালির চিরায়ত বৈশিষ্ট্য। মানুষের পাশাপাশি কোনো প্রাণীও যেন হিংস্রতার শিকার না হয়, সরকার সে বিষয়েও সচেষ্ট রয়েছে। এ লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন তিনি।