গাইবান্ধায় নির্মাণাধীন রামমূর্তি অপসারণের দাবিতে বিক্ষোভ
সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে
ডেইলি সান রিপোর্ট, গাইবান্ধা
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৭:১৪ পিএম
ছবি: ডেইলি সান
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে নির্মাণাধীন এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি অপসারণের দাবিতে তারাগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এই মূর্তির অর্থায়নের উৎস তদন্ত এবং বিষয়টির সঙ্গে জাতীয় নিরাপত্তা ও সম্ভাব্য সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে তিনটায় ইত্তেহাদুল উলামা তারাগঞ্জ শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলার ১২টি কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিল শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানের আগে উপজেলা পরিষদের সামনে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা আশরাফ আলী এবং সাধারণ সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান। এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন মাওলানা ঈসা রুহুল্লা, মুফতি জাকারিয়া, মুফতি গোলাম রব্বানী এবং মাওলানা কাজী রফিকুল ইসলাম।
সভায় বক্তারা, মূর্তির অর্থায়নের উৎস খুঁজে বের করার পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।