EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হলেও কিছু এলাকায় থাকবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:২৬ পিএম

বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হলেও কিছু এলাকায় থাকবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

দেশের বিদ্যুৎ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে উৎপাদন ও চাহিদার মধ্যে এখনও কিছুটা ঘাটতি থাকায় দেশের কিছু এলাকায় লোডশেডিং অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রী বলেন, গত কয়েক দিনের তুলনায় বিদ্যুৎ পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং ঘাটতি কমিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি জানান, কারিগরি ত্রুটি ও কয়লা সংকটের কারণে গত দুই দিন বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হয়েছিল। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় বর্তমানে বিদ্যুৎ উৎপাদন বেড়ে ১৪ হাজার ৫০০ মেগাওয়াটে পৌঁছেছে। অন্যদিকে, দেশের বিদ্যুতের চাহিদা রয়েছে ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট। ফলে বিদ্যুৎ ঘাটতি কমে ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে।

সংসদে দেওয়া বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ বলেন, “গতকালের পরিস্থিতি বেশ খারাপ ছিল। তবে আজ আমরা সেখান থেকে অনেকটাই উত্তরণ করতে পেরেছি। এখন অবশিষ্ট ৩৩৯ মেগাওয়াট ঘাটতিও দ্রুত কমিয়ে আনার চেষ্টা চলছে।”

মন্ত্রী বলেন, বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হলেও উৎপাদন ও চাহিদার মধ্যে এখনও কিছুটা ব্যবধান রয়েছে। এ কারণে দেশের কিছু এলাকায় সাময়িক লোডশেডিং থাকতে পারে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে।

এর আগে রবিবার জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছিলেন, একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লারের টিউবে লিকেজ এবং বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে কয়লা খালাস ব্যাহত হওয়ায় প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে যায়। সোমবার তিনি জানান, সেই সংকট ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার পথে রয়েছে।

এদিকে, সাম্প্রতিক লোডশেডিংয়ের প্রতিবাদে রোববার দেশের অন্তত সাতটি জেলায় গ্রাহকদের বিক্ষোভের খবর পাওয়া গেছে। এর মধ্যে নেত্রকোনার কেন্দুয়ায় একটি পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুরের ঘটনাও ঘটে।

জাতীয় এই পরিস্থিতিতে দেশবাসীর প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বিদ্যুৎমন্ত্রী বলেন, বিদ্যুৎ ঘাটতি দ্রুত কমিয়ে এনে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় সবার সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুন