বদরগঞ্জে ৪৮ ঘণ্টায় সাত লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
ডেইলি সান রিপোর্ট, রংপুর
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৬:৩০ পিএম
ছবি: সংগৃহীত
রংপুরের বদরগঞ্জ উপজেলায় মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় সাতজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বজ্রপাত, পানিতে ডুবে মৃত্যু, সড়ক দুর্ঘটনা, গলায় ফাঁস এবং ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিটি ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার দিলালপুর ডাঙ্গাপাড়া গ্রামে বাড়ির পাশের বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ফেরদৌস আলী (২২) ঘটনাস্থলেই মারা যান। বৃষ্টির সময় বজ্রাঘাতে তার গলা ও বুক ঝলসে যায়।
একই দিন সকাল ৯টার দিকে বদরগঞ্জ পৌরসভার হাসপাতালপাড়া এলাকা থেকে নিলয় কুণ্ডু (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘণ্টাখানেক পর সকাল ১০টার দিকে বিষ্ণুপুর ইউনিয়নের খাগড়াবন্ধ বটতলা সংলগ্ন ভেটভেটির পাথার এলাকার একটি ধানক্ষেত থেকে জাহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে রবিবার (২৮ জুন) উপজেলার দামোদরপুর ইউনিয়নের গোপালপুর ডাঙ্গাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে হৃদয় বাবু (৩১) এবং নাটারাম এলাকা থেকে শাহনাজ পারভীন (৪০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
একই দিন লোহানীপাড়া ইউনিয়নের চড়কডাঙ্গা গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে আদিবাসী তরুণী অরপিটা টুডু (১৯)-এর মরদেহ উদ্ধার করা হয়।
এ ছাড়া রাধানগর ইউনিয়নের লালদীঘি-টেকসেরহাট মহাসড়কের ধাপপাড়া জামে মসজিদসংলগ্ন এলাকা থেকে সালেক উদ্দিন নাঈম (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পৃথক ঘটনায় স্বল্প সময়ের ব্যবধানে একের পর এক মৃত্যুর ঘটনায় বদরগঞ্জজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।