EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

১৭তম বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০১:৫০ পিএম

১৭তম বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। ছবি: সংগৃহীত

অ অ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ১৭তম বারের মতো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হলো। আদালত আগামী ১৫ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেছেন।

রবিবার (২৮ জুন) মামলার তদন্তকারী সংস্থা সিআইডির ঢাকা মেট্রো (পূর্ব) বিভাগের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এ তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান।

মামলার নথি অনুযায়ী, গত ৬ জানুয়ারি ডিবি পুলিশ ১৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে অভিযোগপত্রে সন্তুষ্ট না হয়ে মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের নারাজি আবেদন করেন।

পরবর্তীতে গত ১৫ জানুয়ারি আদালত অভিযোগপত্রের বিরুদ্ধে বাদীপক্ষের আপত্তি গ্রহণ করে মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেন এবং তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে গণসংযোগে বের হলে বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। হাদির মৃত্যুর পর মামলায় হত্যা ধারা যুক্ত করা হয়।

তদন্ত শেষে ডিবি পুলিশ সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে রাজনৈতিক প্রতিহিংসার জেরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টিও হামলার অন্যতম উদ্দেশ্য ছিল বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন