EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

তারেক রহমানের মালয়েশিয়া সফরে উল্লেখযোগ্য অর্জন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৭:৫১ পিএম

তারেক রহমানের মালয়েশিয়া সফরে উল্লেখযোগ্য অর্জন
অ অ

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি দ্বিপাক্ষিক সফরে বাণিজ্য, বিনিয়োগ, শ্রম সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক সম্পৃক্ততাসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। সফরকালে দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা, সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার এবং দীর্ঘদিন স্থগিত থাকা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া পুনরায় চালুর বিষয়ে ঐকমত্য হয়। 

একই সঙ্গে বাংলাদেশি শ্রমিক নিয়োগ, মুক্ত বাণিজ্য চুক্তি এবং আসিয়ান কাঠামোর সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা জোরদারের ক্ষেত্রেও ইতিবাচক অগ্রগতি এসেছে।

শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে সফরের সারাংশ তুলে ধরা হয়।

মালয়েশিয়ায় সরকারি দ্বিপাক্ষিক সফরের উল্লেখযোগ্য অর্জনসমূহ নিম্নরূপ—

ক) দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং সন্ত্রাসবাদ প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণ বিষয়ে মন্ত্রী পর্যায়ে দুটি নোট বিনিময় করা হয়েছে।

খ) দীর্ঘদিন ধরে স্থগিত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক দ্রুত পুনরায় শুরু করার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছেছে।

গ) বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে দ্রুত আলোচনা শুরু এবং ২০২৭ সালের মধ্যে একটি পারস্পরিকভাবে লাভজনক, সমন্বিত ও ভবিষ্যতমুখী চুক্তি সম্পাদনের লক্ষ্যে অগ্রসর হওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

ঘ) মালয়েশিয়া-বাংলাদেশ যৌথ ব্যবসা কাউন্সিল প্রতিষ্ঠার অগ্রগতিকে স্বাগত জানানো হয়েছে এবং দুই দেশের ব্যবসায়ী সমাজের মধ্যে নিয়মিত সংলাপ, পারস্পরিক ব্যবসায়িক যোগাযোগ ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

ঙ) শ্রম সহযোগিতার ক্ষেত্রে নিরাপদ, নিয়মিত ও স্বচ্ছ অভিবাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু, দক্ষ কর্মী প্রেরণ এবং অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আট হাজার শ্রমিকের কর্মে যোগদানের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। এছাড়া মালয়েশিয়ায় অবস্থানরত ও নিয়োগপ্রাপ্ত কর্মীদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নিয়োগ ব্যয় কমানোর বিষয়েও উভয় পক্ষ একমত হয়েছে।

চ) শ্রম সহযোগিতা বিষয়ক যৌথ কর্মপর্যায়ের বৈঠকের মাধ্যমে বিদ্যমান সমঝোতা স্মারকের মূল্যায়ন এবং বর্তমান প্রয়োজনের আলোকে নতুন বা হালনাগাদ সমঝোতা স্মারক প্রণয়নের বিষয়ে অগ্রগতি হয়েছে।

ছ) রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং দ্রুত প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়া সক্রিয় ভূমিকা পালনের আশ্বাস দিয়েছে। পাশাপাশি আসিয়ান কাঠামোর আওতায় বিষয়টি এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ বিষয়ে অগ্রগতি সাধনে মিয়ানমারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে সমস্যা সমাধানের সম্ভাব্য করণীয় নির্ধারণে মালয়েশিয়া আগ্রহ প্রকাশ করেছে।

জ) আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে মালয়েশিয়া তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং আসিয়ান কাঠামোর সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও জোরদারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।

ঝ) জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, টেলিযোগাযোগ, বৈদ্যুতিক যানবাহন, প্রযুক্তি হস্তান্তর, বন্দর ও লজিস্টিকসসহ অগ্রাধিকার খাতে মালয়েশীয় বিনিয়োগ ও ব্যবসায়িক অংশীদারিত্ব সম্প্রসারণে ইতিবাচক আগ্রহ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন