২৮তম সিনেট অধিবেশন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটে বড় ঘোষণা
৮০১ কোটি টাকার বাজেট পাস
ডেইলি সান রিপোর্ট, গাজীপুর
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৭:২৪ পিএম
ছবি: ডেইলি সান
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মানোন্নয়ন, যুগোপযোগী কর্মমুখী শিক্ষা প্রবর্তন এবং ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট পাসসহ একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) ও সিনেট চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম ২০২৬-২০২৭ অর্থবছরের মূল বাজেট এবং ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট উপস্থাপন করেন, যা অধিবেশনে সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। এতে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত মূল বাজেট ধরা হয়েছে ৮০১ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা, যেখানে রাজস্ব আয় ৬১৭ কোটি ১৩ লাখ ৭৩ হাজার টাকা এবং ঘাটতি বাজেট ১৮৩ কোটি ৯০ লাখ ৮৭ হাজার টাকা। অন্যদিকে, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট নির্ধারণ করা হয়েছে ৬৬৪ কোটি ৮ লাখ ৪১ হাজার টাকা, যার মধ্যে রাজস্ব আয় ৬২৫ কোটি ২ লাখ ৭৭ হাজার টাকা এবং ঘাটতি রয়েছে ৩৯ কোটি ৫ লাখ ৬৪ টাকা।
জাতীয় বিশ্ববিদ্যালয়কে যুগোপযোগী করতে এবং কর্মমুখী শিক্ষা প্রবর্তনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ১৫০টিরও বেশি দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা ও শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করা হয়েছে।
শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতাহীনতা দূর করতে আন্তর্জাতিক মানের অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম চালু করা হয়েছে, যার মাধ্যমে ৫০ হাজার শিক্ষানবিশ তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে স্নাতক (অনার্স) পর্যায়ে ইংরেজি এবং আইসিটি (ICT) কোর্স বাধ্যতামূলক করা হয়েছে।
বৈশ্বিক কর্মক্ষেত্রের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে ‘মাল্টি ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউট’ (MLLI)-এর মাধ্যমে তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ সৃষ্টি করা হয়েছে। এখানে মানদারিন (চীনা), জাপানিজ, কোরিয়ান, অ্যারাবিক, ইটালিয়ান, স্প্যানিশ ও ফ্রেঞ্চ ভাষা শেখানো হবে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও ‘গ্রিন ক্যাম্পাস’ তৈরির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের আওতাধীন প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর মাধ্যমে আগামী ৫ বছরে দেশজুড়ে ২ কোটি গাছ রোপণের মেগা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
যুগের সাথে সংগতিপূর্ণ দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর আধুনিক পাঠ্যক্রম (সিলেবাস) প্রণয়ন এবং শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমকে আধুনিকীকরণ করা হয়েছে।
অধিবেশনে সিনেট সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং সংসদ সদস্য ইমরান আহমেদ চৌধুরী, ওয়ারেস আলী মামুন, আবুল হোসেন খান ও জি এম সিরাজ, আমন্ত্রিত অতিথি হিসেবে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক উপস্থিত ছিলেন।
অনলাইনে যুক্ত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং বিভাগীয় কমিশনারবৃন্দ। সিনেট অধিবেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান ও প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ ৭০জন সিনেট সদস্য উপস্থিত ছিলেন।
এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, আমন্ত্রিত অতিথি, সকল ডিন, রেজিস্ট্রার, শিক্ষক ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।