EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২, নিহত ১

দুই দিনের অভিযানে ৬ বন্দুকসহ অস্ত্র উদ্ধার; পলাতকদের ধরতে অভিযান চলছে

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৫:২৪ পিএম

সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২, নিহত ১

ছবি: সংগৃহীত

অ অ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর প্রধান রবিউলসহ দুজন আটক হয়েছেন, নিহত হয়েছেন একজন।

শনিবার (২৭ জুন) এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দুলাভাই বাহিনীর সদস্যরা খুলনার কয়রা থানার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গহীনে অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে গত ২৫ জুন বিকেল ৫টা থেকে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে টানা দুই দিনের বিশেষ অভিযান শুরু হয়।

অভিযানে ডাকাতদের দুটি বোট শনাক্ত করে থামার সংকেত দেয় কোস্ট গার্ড। কিন্তু সংকেত না মেনে ডাকাতরা গুলি চালালে পাল্টা গুলি ছোড়া হয়। তীব্র বন্দুকযুদ্ধে একটি বোটে আগুন ধরে যায়, আরেকটি ডুবে যায়।

পরে গুলিবিদ্ধ অবস্থায় বাহিনী প্রধান রবিউল ইসলাম (৫০) ও শওকত সরদারকে (৫৫) আটক করা হয়। হাসপাতালে নেওয়ার পর শওকত সরদারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রবিউলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরবর্তী অভিযানে মঠবাড়িয়া এলাকায় আরেক ডাকাত ইসরাফিল হাওলাদারকে (২৬) আটক করা হয়।

আরশিবসা নদীর বেসুখাল এলাকায় তল্লাশিতে উদ্ধার হয়েছে ৬টি একনলা বন্দুক, ৬৯ রাউন্ড তাজা কার্তুজ, ৩ রাউন্ড ফাঁকা কার্তুজ ও একটি দেশীয় অস্ত্র।

আটককৃত ডাকাত ও অস্ত্র কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক ডাকাতদের ধরতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযান চলছে।

আরও পড়ুন