হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি
রাত ৩টায় সিকিউরিটি লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা; তেলিয়াপাড়া সীমান্তে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধ; স্থানীয়রাও সহায়তা করেছে
ডেইলি সান রিপোর্ট, হবিগঞ্জ
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৪:৩৩ পিএম
ছবি: ডেইলি সান
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্তে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ৩টায় এই ঘটনা ঘটে।
শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন।
বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলার সংলগ্ন তেলিয়াপাড়া বিওপি এলাকায় রাতের অন্ধকারে সিকিউরিটি লাইট বন্ধ করে বেশ কিছু ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়।
টহলরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে জিরো লাইনেই সেই প্রচেষ্টা প্রতিহত করেন। এক পর্যায়ে বিএসএফ তাদের লোকজনকে ভারতের অভ্যন্তরে ফেরত নিতে বাধ্য হয়।
বিজিবির এই অভিযানে সীমান্তবর্তী গ্রামের সাধারণ মানুষও সর্বাত্মক সহায়তা করেছেন।
হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
