EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

টেকসই ভবিষ্যৎ গড়তে সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে হবে: সাইমুম পারভেজ

ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:০৪ পিএম

টেকসই ভবিষ্যৎ গড়তে সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে হবে: সাইমুম পারভেজ

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশের প্রাকৃতিক সুরক্ষা বেষ্টনী এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে রক্ষা করা ছাড়া টেকসই ভবিষ্যৎ নির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. মো. সাইমুম পারভেজ।

বৃহস্পতিবার (২৫ জুন) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাটে এমভি মালঙ্গী বোটে অনুষ্ঠিত ‘সুন্দরবনের জন্য টেকসই ভবিষ্যৎ নির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সুন্দরবনের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে ইউনিসল গ্রুপ এ অনুষ্ঠানের আয়োজন করে।

ড. সাইমুম পারভেজ বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়; এটি বাংলাদেশের পরিবেশ, জীববৈচিত্র্য এবং অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। জলবায়ু পরিবর্তন, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি এবং পরিবেশ দূষণের মতো বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সুন্দরবনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় এ বন সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস এবং প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।

বক্তারা বলেন, সুন্দরবন দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য একটি প্রাকৃতিক সুরক্ষা বেষ্টনী হিসেবে কাজ করে। পাশাপাশি এটি দেশের জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আলোচনা সভায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তাদের মতে, সুন্দরবনের সুরক্ষা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি খাতের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন। এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে পরিবেশগত ঝুঁকি আরও বাড়তে পারে।

অনুষ্ঠানে পরিবেশ ও বন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, উন্নয়নকর্মী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা সুন্দরবনের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন