তরুণীর মৃত্যু মামলায় মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার, প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ডেইলি সান রিপোর্ট, রংপুর
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:৫৬ এএম
মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে গ্রেপ্তারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও শিক্ষকরা।
রংপুরে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে গ্রেপ্তারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। এতে রংপুর বিভাগের পাঁচ জেলার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।
মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৭টার দিকে নগরীর কেন্দ্রীয় কারাগারের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। এর ফলে রংপুর, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ ব্যাহত হয়। মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
শিক্ষার্থী ও শিক্ষকরা মেডিকেল মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, পর্যাপ্ত তদন্ত ছাড়াই রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মেডিকেল শিক্ষার্থী শাহরিয়ার সাকিনকে গ্রেপ্তার করে মামলায় আসামি করেছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, নিহত শিক্ষার্থী লুজসাত জাহানকে আগে একটি ব্যাচে প্রাইভেট পড়াতেন শাহরিয়ার সাকিন। পরবর্তীতে তিনি পড়ানো বন্ধ করে দেন। এ বিষয়ে তথ্য দিতে মঙ্গলবার ডিবি কার্যালয়ে গেলে তাকে আটক করা হয়। পরে নিহত শিক্ষার্থীর পরিবারের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শিক্ষার্থীরা দাবি করেন, সাকিনকে মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
উল্লেখ্য, সোমবার (২২ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরীর ডেন্টাল রোড এলাকার নর্থ ভিউ হোটেলের ১০ তলার ছাদ থেকে পড়ে মারা যান রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী লুজসাত জাহান।
এ ঘটনায় মঙ্গলবার বিকেলে নিহতের বাবা নজরুল ইসলাম একটি মামলা দায়ের করেন। মামলায় শাহরিয়ার সাকিনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) সনাতন চক্রবর্তী বলেন, “সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে শাহরিয়ার সাকিনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর বাবার দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।