মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ভালোর দিকে: সংসদে স্পিকার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:১০ পিএম
বিদেশে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ক্রমাগত ভালোর দিকে যাচ্ছে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি সুস্থ হলেই জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা জানতে চান জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম মাসুদ। এর জবাবে স্পিকার সংসদকে এ তথ্য জানান।
স্পিকার বলেন, মির্জা আব্বাস সংসদকে চিঠি দিয়ে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। তাঁর অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তবে তাঁর সদস্যপদ চলে যাওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, কোনো সংসদ সদস্যের সদস্যপদ চলে গেলে তা যথাসময়ে সংসদ থেকে সবাইকে জানিয়ে দেওয়া হবে।
একই সঙ্গে শরিফ ওসমান হাদি হত্যার বিচারককে কেন্দ্র করে ছড়ানো গুজব প্রসঙ্গে স্পিকার জানান, আদালতে বিচারাধীন বিষয় ও কোনো ধরনের গুজব সংসদের আলোচনার বিষয় হতে পারে না।
এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে ফিজিওথেরাপির জন্য গত ১৪ এপ্রিল থেকে তিনি মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন আছেন।
মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মির্জা আব্বাস অনেকটাই ভালো আছেন এবং প্রতিদিন তাঁকে থেরাপি দেওয়া হচ্ছে।