EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনসের ২০তম বৈজ্ঞানিক সম্মেলন সম্পন্ন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:০৫ পিএম

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনসের ২০তম বৈজ্ঞানিক সম্মেলন সম্পন্ন

বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের গবেষণাধর্মী উপস্থাপনা করেন।

অ অ

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনসের (বাউস) ২০তম বৈজ্ঞানিক সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২০ জুন প্রি-কনফারেন্স ওয়ার্কশপের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনের মূল বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয় ২১ ও ২২ জুন রাজধানীর আবু সাঈদ কনভেনশন সেন্টারে।

দেশ-বিদেশের খ্যাতনামা ইউরোলজিস্টদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, তাইওয়ান, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের ১৯ জন বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮৩০ জন ইউরোলজিস্ট ও চিকিৎসক সম্মেলনে নিবন্ধন করেন।

তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে ইউরোলজি চিকিৎসার আধুনিক পদ্ধতি, নতুন গবেষণা, প্রযুক্তিগত অগ্রগতি এবং চিকিৎসা-সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় নিয়ে একাধিক বৈজ্ঞানিক সেশন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের গবেষণাধর্মী উপস্থাপনা। তিনি ‘টোটাল টিউবলেস মিনি-পিসিএনএল’ শীর্ষক প্রেজেন্টেশনে কিডনির জটিল পাথর অপসারণে ব্যবহৃত আধুনিক ও মিনিমালি ইনভেসিভ এ পদ্ধতির কার্যকারিতা, নিরাপত্তা, চিকিৎসা-ফলাফল এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর সম্ভাবনা তুলে ধরেন।

তার উপস্থাপনায় জানানো হয়, ‘টোটাল টিউবলেস মিনি-পিসিএনএল’ এমন একটি আধুনিক অস্ত্রোপচার পদ্ধতি, যার মাধ্যমে কোনো ধরনের নেফ্রোস্টমি টিউব বা অতিরিক্ত ড্রেনেজ টিউব ব্যবহার ছাড়াই জটিল কিডনির পাথর অপসারণ করা সম্ভব। এর ফলে অস্ত্রোপচার-পরবর্তী ব্যথা ও শারীরিক অস্বস্তি কম হয়, হাসপাতালে থাকার সময় হ্রাস পায় এবং রোগীরা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

গবেষণাপত্র উপস্থাপনের পাশাপাশি অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম দুটি বৈজ্ঞানিক অধিবেশনে চেয়ারপার্সনের দায়িত্বও পালন করেন।

তিনি বলেন, বিশ্বব্যাপী সমাদৃত এ প্রযুক্তির বিস্তৃত প্রয়োগ বাংলাদেশের ইউরোলজি চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে এবং রোগীদের জন্য আরও আধুনিক ও কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

সম্মেলনে বাউসের আহ্বায়ক অধ্যাপক ডা. মো. শফিকুর রহমান, সদস্যসচিব অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অধ্যাপক ডা. এম এ সালাম, অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবির, অধ্যাপক ডা. নাসিরুদ্দিন কাজলসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানের খ্যাতনামা বিশেষজ্ঞরা গবেষণাপত্র উপস্থাপন করেন এবং বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন।

আয়োজকরা জানান, এ ধরনের আন্তর্জাতিক মানের বৈজ্ঞানিক সম্মেলন দেশের ইউরোলজি চিকিৎসাব্যবস্থার উন্নয়ন, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির প্রসার এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতে রোগীদের জন্য আরও উন্নত ও যুগোপযোগী চিকিৎসাসেবা নিশ্চিত করতেও এসব আয়োজন কার্যকর অবদান রাখবে।

আরও পড়ুন