প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে ভারপ্রাপ্ত সম্পাদক কারাগারে
ডেইলি সান রিপোর্ট, বগুড়া
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:৪৯ এএম
ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে (৪০) কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (১৯ জুন) বিকেলে আদালতে হাজির করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি রাতে নিশ্চিত করেন বগুড়া জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম।
পুলিশ জানায়, সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাতে গাজীপুরের গাছা এলাকায় অভিযান চালায়। পরে বোর্ড বাজার এলাকা থেকে রেজানুর ইসলামকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান জানান, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে গত ১৫ জুন সাংবাদিক তানভীর আলম রিমন বাদী হয়ে পত্রিকাটির সম্পাদক, প্রকাশকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পরে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান সদর থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলার অন্য আসামিরা হলেন—দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিনিধি মো. শামস এবং জেলা প্রতিনিধি সাব্বির হাসান।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, অভিযুক্তরা পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও প্রচার করে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করেছেন।
তবে এ ঘটনায় অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।