EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শাবিপ্রবিতে নবীনবরণ: র‌্যাগিংয়ে জিরো টলারেন্সের ঘোষণা

শাবিপ্রবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে ক্যাম্পাস উন্নয়নে সরকারের সহযোগিতার আশ্বাস মন্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, শাবিপ্রবি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:২৬ পিএম

শাবিপ্রবিতে নবীনবরণ: র‌্যাগিংয়ে জিরো টলারেন্সের ঘোষণা

ছবি: সংগৃহীত

অ অ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে র‌্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বা কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘শাবিপ্রবি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। এখানে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীরা অত্যন্ত সৌভাগ্যবান। এখান থেকেই ভবিষ্যতের শিক্ষাবিদ, গবেষক ও নেতৃত্ব গড়ে উঠবে।’

তিনি আরও আশ্বাস দেন যে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের আবাসন ও খাবারের মানোন্নয়নে সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, শাবিপ্রবির বর্তমান গৌরবময় অবস্থানে পৌঁছাতে যাঁদের অবদান রয়েছে, তাঁদের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন কৃতজ্ঞ।

নবীন শিক্ষার্থীদের শাবিপ্রবি পরিবারে স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, প্রশাসন সেশনজটমুক্ত ক্যাম্পাস রাখতে সময়মতো একাডেমিক কার্যক্রম সম্পন্ন করতে বদ্ধপরিকর। একই সাথে তিনি ক্যাম্পাসে র‌্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিয়ে বলেন, কোনো শিক্ষার্থী র‌্যাগিং বা কোনো সমস্যায় পড়লে দ্রুত যেন প্রশাসনকে অবহিত করে। প্রশাসন এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেবে।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, রেজিস্ট্রার, ছাত্র উপদেশ ও নির্দেশনা দপ্তরের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম।

আরও পড়ুন