EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারী জেলে নিহত

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ, সরকারি ক্ষতিপূরণ মিলবে না পরিবারের

ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:৩২ পিএম

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারী জেলে নিহত

ছবি: সংগৃহীত

অ অ

বাগেরহাটের সুন্দরবনে কুমিরের আক্রমণে এক নারী জেলে নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মোংলা উপজেলার জয়মনি লঞ্চঘাট এলাকায় শেলা নদীতে জাল টেনে মাছ ধরার সময় হঠাৎ একটি কুমির তাকে টেনে নিয়ে যায়। পরে সঙ্গীরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নিহত সেলিনা বেগম (৫২) মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের আব্দুল শেখের স্ত্রী।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে জেলে, বাওয়ালী, মৌয়াল ও পর্যটকসহ সব ধরনের প্রবেশ নিষিদ্ধ। কিন্তু সেলিনা বেগমসহ তিনজন নারী সেই নিষেধাজ্ঞা অমান্য করে শেলা নদীর লঞ্চঘাট এলাকায় মাছ ধরছিলেন। এ সময় কুমির সেলিনাকে নদীতে টেনে নিয়ে যায়।

ডিএফও আরও জানান, বৈধ অনুমতিপত্র নিয়ে সুন্দরবনে প্রবেশ করে বাঘ বা কুমিরের আক্রমণে কেউ নিহত বা আহত হলে সরকারের পক্ষ থেকে পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে অবৈধভাবে প্রবেশ করায় সেলিনার পরিবার কোনো ক্ষতিপূরণ পাবে না।

স্থানীয় সূত্র জানায়, সুন্দরবনসংলগ্ন এলাকার অনেক দরিদ্র নারী জীবিকার তাগিদে বিভিন্ন সময় সুন্দরবনের নদ-নদীতে জাল টেনে মাছ ও মাছের রেণু সংগ্রহ করেন। সেলিনা বেগমও নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জীবিকার প্রয়োজনে শেলা নদীতে মাছ ধরতে গিয়ে প্রাণ হারান।

স্থানীয়রা বনসংলগ্ন এলাকার অসহায় নারী-পুরুষদের কর্মসংস্থান এবং আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন