সবার মতামত নিয়েই গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:১৭ পিএম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: সংগৃহীত
জাতীয় গণমাধ্যম কমিশন একতরফাভাবে গঠন করা হবে না, বরং সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়েই এর রূপরেখা তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, স্বাধীন ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়ন’ শীর্ষক এক কর্মশালায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার ‘জাতীয় গণমাধ্যম কমিশন’ গঠনের উদ্যোগ নিয়েছে। তবে এই কমিশন গঠনের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত একতরফাভাবে চাপিয়ে দেওয়া হবে না। গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষের পরামর্শ ও মতামতের ভিত্তিতেই একটি গ্রহণযোগ্য রূপরেখা তৈরি করা হবে।
তিনি বলেন, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য সরকার অংশীজনদের সঙ্গে নিয়ে কাজ করছে। একটি শক্তিশালী গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।
গণমাধ্যমের দায়িত্বের কথা উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, সরকারের কোনো ভুলত্রুটি থাকলে তা গণমাধ্যম অবশ্যই তুলে ধরবে। পাশাপাশি সরকারের জনকল্যাণমূলক ও ইতিবাচক উদ্যোগগুলোও জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
কর্মশালায় গণমাধ্যম ব্যক্তিত্ব, জ্যেষ্ঠ সাংবাদিক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।