গানে গানে জাতীয় কবি কাজী নজরুলকে স্মরণ করল ইয়েল পাঠচক্র
মো: মফিদুল ইসলাম সরকার
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:৪২ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সংগীতকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘গানে গানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ইয়েল সোসাইটির ইয়েল পাঠচক্র।
বুধবার (১৭ জুন) রাতে ঢাকার শাহবাগে ‘সংস্কৃতি বিকাশ কেন্দ্রে’ অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষক, গবেষক, সাহিত্যপ্রেমী, সংস্কৃতিকর্মী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নজরুল গবেষক ও নজরুলসংগীত শিল্পী ড. শম্পা দাশ। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, মানবতাবাদী চেতনা ও সাম্যবাদী দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, নজরুলের সৃষ্টিকর্ম আজও মানবমুক্তি, সাম্য ও অসাম্প্রদায়িকতার চেতনায় মানুষকে অনুপ্রাণিত করে। তাঁর লেখা ও গান সমাজে ন্যায়, ভালোবাসা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কসমিক ওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারম্যান তালেবে হক লায়ন ড. হারুন উর রশিদ বলেন, নতুন প্রজন্মের কাছে নজরুলের চিন্তা ও দর্শন পৌঁছে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আনিসুজ্জামান। এছাড়া আলোচনায় অংশ নেন নজরুল গবেষক ও ইয়েল সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. প্রফেসর সহিদ মনজু, ইয়েল সোসাইটির উপদেষ্টা আতাউল্লাহ খান আতা এবং কবি জিন্নাত আরা ইফা।
ইয়েল সোসাইটির প্রেসিডেন্ট ড. জহির বিশ্বাস গুরুজীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব ইসমাইল হোসেন ইসমী। এ সময় সাবেক পরিচালক, বাংলাদেশ ব্যাংকের হাসিনা মমতাজসহ সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বের পাশাপাশি জাতীয় কবির জনপ্রিয় গান পরিবেশন করা হয়। সংগীত পরিবেশনার মাধ্যমে নজরুলের দেশপ্রেম, প্রেম, সাম্য ও মানবতার চেতনা নতুনভাবে তুলে ধরা হয়।
বক্তারা বলেন, নজরুলচর্চা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জাতীয় কবির সাহিত্য, সংগীত ও জীবনদর্শন সম্পর্কে জানার সুযোগ পান।