কসবায় মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ঔষধ রাখায় ৫ ফার্মেসিকে জরিমানা
ডেইলি সান রিপোর্ট, কসবা
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৫:৩৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মেয়াদোত্তীর্ণ ও বিক্রির উদ্দেশ্যে ফিজিশিয়ানস স্যাম্পল (চিকিৎসকদের দেওয়া নমুনা) ঔষধ মজুতের দায়ে ৫টি ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ জুন) দুপুরে কসবা উপজেলা প্রশাসন এই অভিযান চালায়।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকার বিভিন্ন ঔষধের দোকানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার ঔষধ তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেনের প্রসিকিউশনের ভিত্তিতে ৫টি ফার্মেসিতে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে ওই ফার্মেসিগুলোকে মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অবৈধভাবে সংরক্ষিত ঔষধের বিরুদ্ধে প্রশাসনের এই নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।