EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চালের বাজার স্থিতিশীল, সরকারের মজুদ সন্তোষজনক: বাণিজ্যমন্ত্রী

বাদামতলী ও নয়াবাজার পরিদর্শন শেষে জানালেন, আতঙ্কিত হওয়ার কারণ নেই

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৫:১৫ পিএম

চালের বাজার স্থিতিশীল, সরকারের মজুদ সন্তোষজনক: বাণিজ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর পাইকারি ও খুচরা চালের বাজার পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী বলেছেন, বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে। সরকারের হাতে চাল ও গমের সন্তোষজনক মজুদ রয়েছে।

বুধবার দুপুরে রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজারের খুচরা বাজার পরিদর্শন শেষে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।

বাণিজ্যমন্ত্রী জানান, একটি সংবাদপত্রে চালের বাজারে মূল্যবৃদ্ধির খবর প্রকাশের পর পরিস্থিতির সত্যতা যাচাই করতে তিনি ও খাদ্য প্রতিমন্ত্রী সরেজমিনে বাজার পরিদর্শনে যান। বিভিন্ন পাইকারি আড়ত ও খুচরা দোকান ঘুরে তারা দেখতে পান, চালের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। ঈদের পর কোনো কোনো ধরনের চালের দাম কেজিতে এক থেকে দেড় টাকা বেড়েছে বলে কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন। তবে তা বড় ধরনের মূল্যবৃদ্ধির ইঙ্গিত দেয় না।

তিনি আরও জানান, কিছু মিলমালিক বস্তাপ্রতি ১০০ টাকা দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু বাজারে সেই দাম কার্যকর হয়নি এবং পরবর্তীতে তা কমে এসেছে। বিভিন্ন মানের চালের ক্ষেত্রে দুই থেকে চার টাকার মূল্য পার্থক্য এবং নতুন ও পুরোনো চালের মধ্যে সামান্য দামের তারতম্য বাজারের স্বাভাবিক প্রবণতা বলে তিনি উল্লেখ করেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেলসহ অন্যান্য পণ্যের সরবরাহ পরিস্থিতিও ভালো রয়েছে। প্রতিদিন বিভিন্ন সংস্থার মাধ্যমে বাজারের মূল্যতালিকা ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি বলেন, ‘বাজার পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বর্তমানে চালের মূল্য ও সরবরাহ— উভয় ক্ষেত্রেই সন্তোষজনক অবস্থা বিরাজ করছে। তবে প্রয়োজন হলে বাজারে হস্তক্ষেপের সক্ষমতা সরকারের রয়েছে।’

খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, সরকারের হাতে বর্তমানে প্রায় ২০ লাখ টন খাদ্যশস্যের মজুদ রয়েছে, যা নির্ধারিত আপৎকালীন মজুদের চেয়ে অনেক বেশি। চলমান ধান-চাল সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে সরকারি মজুদ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, চালের বাজার নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

আরও পড়ুন