কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে জাইমা রহমানের প্রাণবন্ত আড্ডা
ডেইলি সান রিপোর্ট, কসবা
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার ৯০ কৃতি শিক্ষার্থীর সঙ্গে প্রাণবন্ত আড্ডায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের কথা মনোযোগ দিয়ে শোনেন, তাদের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান এবং নিজের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তাদের সঙ্গে ভাগাভাগি করেন।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের বড় মেয়ে মেহভীন রহমান মুনিয়া এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে জাইমা রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, জীবনের নানা বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে। তিনি শিশুদের নিজেদের স্বপ্নের প্রতি বিশ্বাস রাখা এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
আড্ডার সময় জাইমা রহমান শিক্ষার্থীদের আগ্রহ, পছন্দ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান। এক পর্যায়ে তিনি জানতে চান, তারা কেউ রান্না করতে পারে কি না। কয়েকজন শিক্ষার্থী ইতিবাচক উত্তর দিলে তিনি জানতে চান, তাদের এলাকায় গেলে কী খাওয়াবে।
জবাবে শিক্ষার্থীরা বিরিয়ানি রান্না করে খাওয়ানোর কথা জানালে জাইমা রহমান মজা করে বলেন, বিরিয়ানির সঙ্গে ইলিশ মাছ থাকলে ভালো হয়। এতে পুরো পরিবেশ আনন্দঘন হয়ে ওঠে।
কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জাফনাহ ইসলাম নাযিফা বলেন, “জাইমা আপু এত কাছে এসে আমাদের সঙ্গে গল্প করবেন, এটা ভাবতেই পারিনি। তিনি আমাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য দক্ষতা অর্জনের পরামর্শ দিয়েছেন।”
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, কসবা-আখাউড়ার শিশুদের জন্য এটি ছিল একটি অনন্য ও অনুপ্রেরণাদায়ক আয়োজন। জাইমা রহমান আন্তরিকতার সঙ্গে শিশুদের কথা শুনেছেন এবং তাদের উৎসাহিত করেছেন। এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সংসদ সদস্য মুশফিকুর রহমান, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।