EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিশ্ব রক্তদাতা দিবসে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা

স্বেচ্ছা রক্তদাতারা সৎকর্মের চর্চা করছেন: জাবি উপাচার্য

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:০৫ এএম

স্বেচ্ছা রক্তদাতারা সৎকর্মের চর্চা করছেন: জাবি উপাচার্য
অ অ

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা জানিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। এ উপলক্ষে আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা-গ্রহীতা মিলনমেলায় রক্তদানের মানবিক গুরুত্ব ও সামাজিক প্রভাব তুলে ধরেন বক্তারা।

রোববার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যারা স্বেচ্ছায় রক্তদান করছেন, তারা শুধু মানবিক দায়িত্বই পালন করছেন না, বরং সৎ গুণের চর্চাও করছেন। নিয়মিত রক্তদাতাদের পক্ষে অসৎ চর্চা করা সম্ভব নয়। তারা সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”

তিনি আরও বলেন, স্বেচ্ছা রক্তদাতারা তাদের এই মহৎ উদ্যোগকে অভ্যাসে পরিণত করবেন এবং নতুন প্রজন্মকেও উদ্বুদ্ধ করবেন—এটাই প্রত্যাশা।

অনুষ্ঠানে ‘ও’ পজিটিভ রক্তের ৫৭ বার স্বেচ্ছা রক্তদাতা দৌলত আল রশিদ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত নিয়মিত রক্তগ্রহীতা রকিবুল ইসলাম রুশো তাদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। তাদের বক্তব্যে রক্তদানের মাধ্যমে জীবন রক্ষার গুরুত্ব এবং স্বেচ্ছা রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারী। স্বাগত বক্তব্য দেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক এম রেজাউল হাসান।

বক্তারা বলেন, দেশে নিরাপদ রক্তের চাহিদা পূরণে স্বেচ্ছা রক্তদাতাদের ভূমিকা অপরিসীম। রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে তরুণদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে কোয়ান্টাম ল্যাবের পক্ষ থেকে স্বেচ্ছা রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং রক্তদানে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগের কথাও তুলে ধরা হয়।

এর আগে বিকেল থেকেই স্বেচ্ছা রক্তদাতা ও রক্তগ্রহীতাদের অংশগ্রহণে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দাতা ও গ্রহীতাদের পারস্পরিক পরিচয়, অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন আয়োজন এবং প্রাণবন্ত পরিবেশ অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। বিশেষ করে থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীরা বিপুল সংখ্যক স্বেচ্ছা রক্তদাতার উপস্থিতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে তরুণদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভবিষ্যতে আরও নতুন রক্তদাতা তৈরি করবে এবং নিরাপদ রক্তের জোগান নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

আরও পড়ুন