মায়ের ডাক’-এর সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, বাজেট অধিবেশন প্রত্যক্ষ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:৩৪ পিএম
মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
রবিবার (১৪ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এর আগে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সংগঠনটির সদস্যরা জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। দুপুরে জাতীয় সংসদের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারিতে অবস্থান করে ‘মায়ের ডাক’-এর ২৬ জন সদস্য অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম পরিচালিত হয়।
সন্ধ্যায় অধিবেশন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন অভিজ্ঞতা ও মতামত শোনেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিক অংশগ্রহণ এবং মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে ভুক্তভোগী পরিবারের সদস্যদের বাজেট অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হয়।
উল্লেখ্য, ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বাজেট অধিবেশনে দেশের অর্থনীতি, সামাজিক নিরাপত্তা, মানবসম্পদ উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ভুক্তভোগী পরিবারের সদস্যদের সংসদ অধিবেশন প্রত্যক্ষ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের এ উদ্যোগ রাষ্ট্রীয় প্রক্রিয়ায় নাগরিক সম্পৃক্ততা ও মানবিক সংবেদনশীলতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।