টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড-গুলি উদ্ধার
সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এগুলো পাচার বা নাশকতার উদ্দেশ্যে মজুদ রেখেছিল বলে ধারণা করছে কর্তৃপক্ষ
ডেইলি সান রিপোর্ট, কক্সবাজার
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে লবণ মাঠের মাটির নিচে লুকিয়ে রাখা হ্যান্ড গ্রেনেড, গুলি ও গাঁজা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (১৪ জুন) দুপুরে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টেকনাফ স্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী।
লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী জানান, শনিবার দিবাগত রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় সশস্ত্র গোষ্ঠীর কতিপয় দুর্বৃত্ত সীমান্ত ব্যবহার করে পাচারের উদ্দেশ্যে গোলাবারুদ মাটির নিচে মজুদ করছে বলে তথ্য পায় কোস্ট গার্ড।
এরপর কোস্ট গার্ডের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের লবণ মাঠে তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ১০টি হ্যান্ড গ্রেনেড, ২৮টি গুলি ও ২ কেজি গাঁজা। তবে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
লেফটেন্যান্ট কমান্ডার মুত্তাকীন সিদ্দিকী বলেন, উদ্ধার করা হ্যান্ড গ্রেনেডগুলো মিয়ানমার সেনাবাহিনীর ব্যবহৃত গ্রেনেডের মতো। বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে কতিপয় সশস্ত্র গোষ্ঠী পাচার কিংবা নাশকতার উদ্দেশ্যে এগুলো মজুদ রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধার করা অস্ত্রের চালান মজুদের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কোস্ট গার্ডের তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় টেকনাফ থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী।