EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

উপকূলীয় নারীদের জীবনসংগ্রাম ও জলবায়ু নেতৃত্ব নিয়ে খুলনায় আলোকচিত্র প্রদর্শনী

ডেইলি সান রিপোর্ট, খুলনা

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৬:৫৭ পিএম

উপকূলীয় নারীদের জীবনসংগ্রাম ও জলবায়ু নেতৃত্ব নিয়ে খুলনায় আলোকচিত্র প্রদর্শনী
অ অ

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের অন্যতম বাংলাদেশের উপকূলীয় এলাকা। এই সংকট মোকাবিলায় উপকূলীয় নারীদের সংগ্রাম, অভিযোজন সক্ষমতা, নেতৃত্ব এবং কমিউনিটি-ভিত্তিক উদ্যোগের গল্প তুলে ধরতে খুলনায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘উপকূলের কণ্ঠ: জলবায়ু সহনশীলতার অভিযাত্রা’।

শনিবার (১৩ জুন) সকালে খুলনার শহীদ হাদিস পার্কে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) পরিচালিত ‘জেন্ডার-রেসপনসিভ কোস্টাল অ্যাডাপটেশন (জিসিএ)’ প্রকল্পের উদ্যোগে, গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

প্রদর্শনীতে দেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলের নারীদের জীবন ও সংগ্রামের নানা দিক আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট লবণাক্ততা, ঘূর্ণিঝড়, নদীভাঙন এবং জীবিকাগত চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁদের অভিযোজন কৌশল, বিকল্প জীবিকার উদ্যোগ, পানি ব্যবস্থাপনা, সামাজিক নেতৃত্ব এবং স্থানীয় পর্যায়ের উদ্ভাবনী কার্যক্রম স্থান পেয়েছে প্রদর্শিত ছবিগুলোতে।

আয়োজকরা জানান, জলবায়ু সংকট মোকাবিলায় নারীদের ভূমিকা অনেক ক্ষেত্রেই আড়ালে থেকে যায়। অথচ উপকূলীয় অঞ্চলে পরিবার ও সমাজের টিকে থাকার লড়াইয়ে নারীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের অভিজ্ঞতা, সক্ষমতা ও নেতৃত্বকে সামনে আনার পাশাপাশি নারী-কেন্দ্রিক জলবায়ু অভিযোজন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই এ প্রদর্শনীর অন্যতম লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইব্রাহীম মো. তৈমুর, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. এস এম ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক মো. নজরুল ইসলাম, ইউএনডিপি বাংলাদেশের যোগাযোগ বিভাগের প্রধান মো. আব্দুল কাইয়ুম এবং জিসিএ প্রকল্পের জাতীয় প্রকল্প ব্যবস্থাপক মো. আব্দুল হান্নান।

প্রদর্শনীতে আলোকচিত্রী এ.বি. রশিদের তোলা প্রায় ৮৫টি আলোকচিত্র প্রদর্শিত হয়। সরাসরি প্রদর্শনীর পাশাপাশি ভার্চুয়াল প্ল্যাটফর্মেও এটি উন্মুক্ত করা হয়েছে।

এর আগে গত ২১ থেকে ২৩ মে রাজধানীর দৃক গ্যালারিতে প্রদর্শনীটির ঢাকা পর্ব অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ইউএনডিপির জিসিএ প্রকল্প গ্রিন ক্লাইমেট ফান্ড ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে নারীদের জলবায়ু সহনশীলতা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। প্রকল্পটি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর নিরাপদ পানি সরবরাহ, টেকসই জীবিকা এবং নারী নেতৃত্বভিত্তিক অভিযোজন উদ্যোগকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরও পড়ুন