প্রশাসনে রদবদল, ৯ যুগ্মসচিবকে নতুন দায়িত্ব
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৬:০৪ পিএম
প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ও সমন্বয় বাড়ানোর লক্ষ্যে বিসিএস (প্রশাসন) ক্যাডারের যুগ্মসচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি ও প্রেষণে নতুন কর্মস্থলে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা ও উন্নয়ন প্রকল্পে এসব কর্মকর্তার নতুন দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ পাটকল কর্পোরেশনের পরিচালক এরশাদ হোসেন খানকে বদলি করে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জহিরুল ইসলাম খানকে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব ডি এম আতিকুর রহমানকে নবগঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজশাহী কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক বেগম শাহানা আখতার জাহানকে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেনকে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মো. অলিউর রহমানকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া প্রেষণ শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানকারী যুগ্মসচিব মো. আবুল হোসেনকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) এমডিএস হিসেবে পদায়ন করা হয়েছে।
একই আদেশে আরও দুই কর্মকর্তার নতুন পদায়ন করা হয়েছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম তুহিনুর আলমকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক মো. সাবেক আলীকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব হিসেবে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, সমন্বয় ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে এ রদবদল কার্যকর করা হয়েছে।