সুন্দরবনের জলদস্যুদের অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার
এসময় তার কাছ থেকে তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়
ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৪:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
সুন্দরবনের জলদস্যু বাহিনীকে আগ্নেয়াস্ত্র ও খাদ্যসামগ্রী সরবরাহকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১২ জুন) সকালে র্যাব-৬ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি চৌকস দল বৃহস্পতিবার বিকালে রামপাল উপজেলার শ্রীফলতলা দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তির হেফাজতে কালো প্লাস্টিকের পলিথিনে মোড়া অবস্থায় তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান পাওয়া যায়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সবুর শেখ (৫১)। তিনি বাগেরহাট জেলার রামপাল উপজেলার শ্রীফলতলা দক্ষিণপাড়া এলাকার আক্তার আলী শেখের ছেলে। র্যাব সূত্রে জানা গেছে, সুন্দরবনের অন্যতম কুখ্যাত জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীকে দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র ও খাদ্যসামগ্রী সরবরাহ করে আসছিলেন তিনি। এর আগে তার বিরুদ্ধে মোংলা থানায় দুটি মামলা রয়েছে।
গ্রেপ্তার সবুর শেখকে উদ্ধার করা অস্ত্রসহ রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলাও দায়ের করা হয়েছে বলে র্যাব সূত্র নিশ্চিত করেছে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়েছে।