সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তনে আলটিমেটাম, আন্দোলনের হুঁশিয়ারি
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও নিয়োগ অনিয়মের অভিযোগ
ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৪:২০ পিএম
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ১০ দিনের মধ্যে পরিবর্তনের দাবিতে আলটিমেটাম দিয়েছে স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন। দাবি পূরণ না হলে লাগাতার কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১২ জুন) দুপুরে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রবিউল লেইছ রোকেসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোনাজ্জির হোসেন সুজন।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, অনির্বাচিত সরকারের আমলে একটি বিশেষ গোষ্ঠীর মনোনয়নে নিযুক্ত এই উপাচার্যের সময়ে বিশ্ববিদ্যালয়ের লোকবল নিয়োগের ৮০ শতাংশই সেই গোষ্ঠীর লোকজন এবং সুনামগঞ্জ জেলা ও সিলেট বিভাগের বাইরের ব্যক্তিদের দেওয়া হচ্ছে।
এছাড়া সম্প্রতি গঠিত নতুন সিন্ডিকেট নিয়েও প্রশ্ন তোলেন তারা। অভিযোগ করা হয়, জেলা সদর আসনের সংসদ সদস্যকে বাদ দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিন্ডিকেট গঠন করা হয়েছে এবং নিয়োগ বাণিজ্যের উদ্দেশ্যে পছন্দের ব্যক্তিদের সিন্ডিকেট সদস্য করা হয়েছে। উপাচার্যের ঘন ঘন অনুপস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতার বিষয়টিও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
স্থায়ী ক্যাম্পাসের অবস্থান নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন বক্তারা। সংগঠনের সদস্য সচিব মোনাজ্জির হোসেন সুজন লিখিত বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জে স্থাপনের বিষয়ে আলোচনা থাকলেও উপাচার্য এককভাবে শুধু শান্তিগঞ্জে স্থাপনের জন্য একনেকে প্রস্তাব পাঠিয়েছেন। এটি বিগত সরকারের আমলে একটি নির্দিষ্ট এলাকায় উন্নয়ন কেন্দ্রীভূত করার ধারাবাহিকতা বলেও দাবি করেন তিনি।
বক্তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদাহরণ তুলে ধরে বলেন, জেলার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরেই স্থাপনের নজির রয়েছে। সুনামগঞ্জেও একই সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানান তারা।
এসময় সাবেক চেয়ারম্যান আকবর আলী, চিত্তরঞ্জন তালুকদার, যোগেশ্বর দাস, সুখেন্দু সেন হারু, বদরুল কাদির সিহাবসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।