ফেনীতে পরস্পরবিরোধী মামলায় স্বামী-স্ত্রী জেলে
ঘটনাটি জানাজানির পর জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি হয়েছে
ডেইলি সান রিপোর্ট, ফেনি
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৭:৩১ পিএম
ছবি: সংগৃহীত
ফেনীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর যৌতুকের মামলা এবং স্ত্রীর বিরুদ্ধে স্বামীর চুরির মামলায় উভয় আসামিকেই জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১০ জুন) ফেনীর সোনাগাজীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিনহাজ উদ্দিন এই আদেশ দেন।
পারস্পরিক মামলায় স্বামী-স্ত্রী দুজনকেই একসাথে জেলে পাঠানোর এই ঘটনাটি জানাজানির পর জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলার মো. সুমন ২০২৫ সালের অক্টোবর মাসে নাসিমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের মাত্র দুই মাস পর স্ত্রী ৪ ভরি স্বর্ণালংকার চুরি করে বাবার বাড়ি চলে গেছেন— এমন অভিযোগে আদালতে চুরির মামলা করেন স্বামী সুমন। পাল্টা আঘাত হিসেবে স্ত্রী নাসিমা আক্তারও স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আরেকটি মামলা দেন।
উভয় মামলাই আদালতে উঠলে বিচারক প্রথমে তাঁদের আপোষ-মীমাংসার সুযোগ দেন। কিন্তু কোনো পক্ষই নমনীয় না হওয়ায় বুধবার নির্ধারিত তারিখে তাঁরা আদালতে হাজির হন। উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শোনার পর বিচারক স্বামী ও স্ত্রী দুজনকেই জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘পারস্পরিক বিরোধের মামলায় স্বামী ও স্ত্রী দুজনকেই আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’