সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ৩ দস্যু আটক
আটককৃতরা সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর সক্রিয় সদস্য
ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত ‘জোনাব বাহিনী’র তিন সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে ডাকাত দলের ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় সুন্দরবনের কালিঞ্চি সুইচগেট এবং হরিণটানা খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত দস্যুরা হলেন— সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আজিবার গাজী (৪৭), ফারুক হোসেন (৩৬) এবং রবিউল গাজী (৪৪)।
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতরা সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সুন্দরবন এলাকায় ডাকাতি এবং সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বুধবার (১০ জুন) জানান, জোনাব বাহিনীর সদস্যরা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাধীন সুন্দরবনের কালিঞ্চি সুইচগেট এলাকায় অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই তিন ডাকাতকে আটক করা হয়।
তিনি আরও জানান, পরবর্তীতে আটককৃত ডাকাতদের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামনগর উপজেলার হরিণটানা খাল সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ডাকাত দলের লুকিয়ে রাখা ১টি একনলা বন্দুক এবং ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, দস্যুমুক্ত সুন্দরবন গড়ার লক্ষ্যে বর্তমানে সেখানে ‘অপারেশন রিস্টোন পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’- এর আওতায় এই সফল অভিযানটি চালানো হয়।
আটককৃত ডাকাত সদস্য এবং উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।