EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

খুলনার সোনাডাঙ্গা সোলার পার্ক সচলের দাবি

১৪ বছর ধরে বন্ধ, সামান্য সংস্কারেই ঘুরতে পারে চাকা

ডেইলি সান রিপোর্ট, খুলনা

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম

খুলনার সোনাডাঙ্গা সোলার পার্ক সচলের দাবি

ছবি: সংগৃহীত

অ অ

১৪ বছর ধরে অলস পড়ে আছে খুলনার সোনাডাঙ্গা সোলার পার্ক। অথচ মাত্র ১০ থেকে ১২ লাখ টাকা খরচে সামান্য সংস্কার করলেই ২০ কিলোওয়াট ক্ষমতার এই পরিবেশবান্ধব বিদ্যুৎকেন্দ্রটি আবার সচল করা সম্ভব বলে জানিয়েছে পরিবেশবাদী সংগঠন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-ফেড।

বুধবার (১০ জুন) খুলনা প্রেসক্লাবের সাংবাদিক হুমায়ূন কবীর বালু মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক আনোয়ারুল কাদির জানান, ২০০৮ সালে ৪.৩৩ একর জমির ওপর নির্মিত দেশের অন্যতম এই সোলার পার্কটি কারিগরি ত্রুটি ও তার চুরির কারণে ২০১২ সাল থেকে পুরোপুরি বন্ধ রয়েছে। কর্তৃপক্ষের উদাসীনতায় এতদিনেও এটি সচল করা হয়নি।

তিনি আরও বলেন, বৈশ্বিক যুদ্ধবিগ্রহ ও ভূরাজনীতির কারণে তেলের বাজার অস্থির হয়ে ওঠায় দেশে বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বেড়েছে। এই সংকট স্পষ্ট করে দিয়েছে যে বিদ্যুৎ খাতে স্বয়ম্ভরতা অর্জনে নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে পার্কটির টেকসই আধুনিকায়নের জন্য একটি সুনির্দিষ্ট কারিগরি ও আর্থিক পরিকল্পনাও পেশ করা হয়। ফেডের হিসাব অনুযায়ী, পার্কের অব্যবহৃত ছাদ এবং পুকুরের ৩০ শতাংশ জায়গা ব্যবহার করে মোট ৩৩৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এর মধ্যে ছাদে ৪৫ কিলোওয়াট এবং পুকুরে ২৯০ কিলোওয়াট ভাসমান সৌর প্যানেল স্থাপন করা যাবে।

লিখিত বক্তব্যে জানানো হয়, নতুন প্যানেল ও সংস্কার বাবদ প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা বিনিয়োগ করলে বছরে প্রায় ৪৬ লাখ টাকার বিদ্যুৎ উৎপাদন করা যাবে। ওপেক্স মডেলে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনা করলে মাত্র ৫ বছরেই খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) পুরো বিনিয়োগ উঠে আসবে এবং বাকি ১৫ বছর বিনামূল্যে বিদ্যুৎ পাওয়া যাবে।

এছাড়া বন্ধ থাকা প্রশিক্ষণ কেন্দ্রটি সরকারি বিভিন্ন অধিদপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে চালু করে দক্ষ জনবল তৈরি ও কেসিসির আয় বাড়ানোরও সুপারিশ করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয় সোলার সিস্টেম চালু করে সফলতার উদাহরণ তৈরি করেছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে কেসিসি প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়। একই সঙ্গে নতুন ভবনে সোলার প্যানেল স্থাপনে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে (কেডিএ) ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

খুলনাকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও নবায়নযোগ্য জ্বালানিবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে অবিলম্বে পার্কটি সচলসহ ৬ দফা দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের হুমায়ূন কবীর ববি, সৈয়দা রেহেনা ঈসা, গৌরাঙ্গ নন্দী ও আবু হেনা মোস্তফা জামাল পপলু প্রমুখ।

আরও পড়ুন